ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নালিতাবাড়ী সীমান্তে তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উপজেলার পানিহাতা মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়ার আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), নুরজাহান খাতুন, আকিব, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তবে বিজিবির বিজ্ঞপ্তিতে নুরজাহান খাতুন ও আকিবের বয়স উল্লেখ করা হয়নি।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার পানিহাতা মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন শিশু।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।