ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের ৩৬ ঘণ্টা পর ১১ মাসের শিশু উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬
অপহরণের ৩৬ ঘণ্টা পর ১১ মাসের শিশু উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার
শিবগঞ্জে অপহরণের ৩৬ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে উদ্ধার করে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী এক শিশুকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে শিশুটিকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন। এ সময় বোরকা পরা এক নারী শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা করা হয়।

Advertisement

মামলার পর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সময় অভিযুক্ত নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন শিবগঞ্জ উপজেলার একটি গ্রামের মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজি আরা বেগম। পুলিশ জানিয়েছে, তারা দুজনই দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গ্রেপ্তার দম্পতি নিঃসন্তান। সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। শিশুটিকে বিক্রি করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

ক্যাপশন: শিবগঞ্জে অপহরণের ৩৬ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/চাঁপাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!