দুর্ভোগ থেকে সাময়িকভাবে রক্ষা পেলেন কাজীপুরের মানুষ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মানিকপোটল গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে প্রায় ৩০০ ফুট কাঁচা রাস্তা মেরামত করা হয়েছে। কাজটি বাস্তবায়নে উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিল্লোল তালুকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুঞ্জুরুলের বাড়ি থেকে আব্দুর রউফের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি বন্যানিয়ন্ত্রণ বাঁধের (ওয়াপদা বাঁধ) তুলনায় প্রায় ২০ ফুট নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় পানির নিচে ডুবে থাকত। ফলে বর্ষা মৌসুমে ওই এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। ওই রাস্তাটি স্থানীয় শতাধিক পরিবারের যাতায়াতের অন্যতম প্রধান পথ। এছাড়াও মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ জন শিক্ষার্থীসহ প্রতিদিন সহস্রাধিক মানুষ বিভিন্ন প্রয়োজনে এ রাস্তা ব্যবহার করেন। দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের ভোগান্তি পোহাতে হতো। শুধু তাই নয়- দাফন সমাপ্ত করার জন্য মৃত ব্যক্তির বহন কারী খাটিয়া নিয়ে চলাচলও ছিলো কষ্টসাধ্য ব্যাপার।
স্থানীয়দের অভিযোগ ও দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মানিকপোটল গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিল্লোল তালুকদার সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার নির্দেশনা অনুযায়ী রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। রাস্তা মেরামতের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সেলিম রেজা ও হিল্লোল তালুকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মানিকপোটল গ্রামের বাসিন্দারা জানান, রাস্তাটি মেরামত হওয়ায় বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়েছে। বর্ষাকালে পানিতে ডুবে থাকা এবং কাদামাটির কারণে যে ভোগান্তি হতো, তা অনেকটাই কমে এসেছে। আগামীতে উল্লেখিত রাস্তাটি পাকা করণের মধ্যে দিয়ে এলাকাবাসী দীর্ঘদিনের অসুবিধা দূর করবেন প্রশাসন এই আশবাদ ব্যক্ত করেন এলাকার সচেতন মহল।
.png)