ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ২৫ জুলাই ২০২৬
ঝিনাইদহ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশে প্রবেশের আগেই বিষয়টি টের পেয়ে তাদের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টার শিকার ছয়জনের মধ্যে দুই নারী ও চারজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

বিজিবি জানায়, শনিবার ভোরে সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন একটি গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ সিঙ্গামোড় ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নজরে বিষয়টি আসে।

পরে সামন্তা বিওপির টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ওই ছয় ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ বিষয়ে বিএসএফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এক মাস ধরে মহেশপুর সীমান্তে পুশইন ঠেকাতে তৎপরতা

সাম্প্রতিক সময়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা নিয়ে একাধিকবার খবর এসেছে। গত জুনের শুরুতে মহেশপুর সীমান্তে কয়েক দফা পুশইনের চেষ্টা প্রতিহত করার কথা জানায় বিজিবি ও স্থানীয়রা। ৫ জুন দেশের বিভিন্ন সীমান্তে ২৪ ঘণ্টায় বিএসএফের পুশইনের ১০টি অপচেষ্টা প্রতিহত করার কথা জানায় বিজিবি; এর মধ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও কয়েকজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঠেকানো হয়।

এরপর জুনের মাঝামাঝি সময়ে মহেশপুর সীমান্তে মাত্র সাত দিনে পাঁচবার পুশইনের চেষ্টা প্রতিহত করার খবর প্রকাশিত হয়। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় পাহারায় অংশ নেন। সীমান্তে বিশেষ টহল, হ্যান্ডমাইকে সতর্কবার্তা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়।

এ ছাড়া জুনের মাঝামাঝি মহেশপুর সীমান্তের একটি এলাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রতিরোধে বিএসএফের পুশইনের আরেকটি চেষ্টা ব্যর্থ হওয়ার খবরও পাওয়া যায়।

এর ধারাবাহিকতায় শনিবার ভোরে সামন্তা সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, মহেশপুর সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!