ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ২২ জুলাই ২০২৬
নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২
আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় রাশিয়ার ৮ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। 

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  ট্রাকের হেলপার নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাকএবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের মৃত্যু হয়। এ সময় উভয় গাড়ির চালক, হেলপার এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রাশিয়ার ৮ নাগরিক রয়েছেন।

আরো পড়ুন >>> সাতক্ষীরা-৪ আসনের এমপি ও চালকের একে অপরের বিরুদ্ধে অভিযোগ

দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। 

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন মহাসড়ক থরকে সরানো হয়েছে ।

এ দিকে দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। আহতদের দেখতে রাতেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ এবং গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্ধার তৎপরতায় রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে আপাতত মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!