শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, রাতভর ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে এলাকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর প্রবল পানির তোড়ে সেতুর একটি অংশ ধসে পড়ে।
.png)
সেতুটি রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত হলেও এটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন।
ঘটনার পর থেকে রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বিকল্প পথ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, বান্দরবান থেকে ঘটনাস্থলের দিকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক এবং কয়েকটি সেতু পানির নিচে তলিয়ে থাকায় প্রকৌশলীদের দল এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পানি কমে গেলে দ্রুত ক্ষয়ক্ষতি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে একটি বেইলি সেতু স্থাপনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
তবে সেতুটি মেরামত কিংবা যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি দমকা হাওয়া বইছে। আগামী কয়েকদিনও বৃষ্টি ও পাহাড়ি ঢলের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পাহাড়ি অঞ্চল ও নদীসংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।