আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে মেতে থেকে লাভ হবে না, বরং নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জনের জন্য কাজ করতে হবে বলে তরুণদের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিবারের ওপর বোঝা না হয়ে তরুণদের নতুন কিছু উদ্ভাবন এবং ভালো ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দেওয়া উচিত, যাতে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।
আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজার ও চুনিহাড়ী পশ্চিমপাড়ায় ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তরুণদের উদ্দেশ্যে এ কথা বলেন।
.png)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশীয় উদ্ভাবনকে আমাদের কৃষির উন্নয়নে কাজে লাগাতে হবে। স্থানীয় উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি এই সাশ্রয়ী ‘সলেমান সোলার সেচপাম্প’ যেন সারা দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সরকার সেই উদ্যোগ নেবে।’ তিনি আরও যোগ করেন, ‘প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের মাধ্যমে নিজের এবং দেশের মানুষের আয় বৃদ্ধি করাই হলো প্রকৃত উন্নয়ন। যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু দেশের কল্যাণে এমন চমৎকার প্রযুক্তি তৈরি করছেন, তাদের পাশে সরকার সবসময় থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে।’
দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন বাংলাদেশের কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকদের সেচ খরচ কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমন নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম নিজে ঘুরে দেখেন এবং এর উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।