ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গুদাম ঘরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি গোডাউনে এ ঘটনা ঘটে।
.png)
আটককৃত যুবকেরা হলেন—মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। তাঁদের সবার বাড়ি কালিতলা এলাকায়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মায়া (ছদ্মনাম) নামের ওই কিশোরীর সঙ্গে মাত্র এক সপ্তাহ আগে অভিযুক্ত তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল বিকেলে বেড়ানোর কথা বলে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ নিয়ে যান। সেখানে তামিম ও তাঁর দুই বন্ধু রনি ও মাসুদ মিলে কিশোরীটিকে পালাক্রমে ধর্ষণ করেন।
রাত ৩টার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায়। তারা দ্রুত অভিযান চালিয়ে তিন যুবককে হাতেনাতে আটক করে এবং নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য মেয়েটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।