ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪১, ৭ মার্চ ২০২৬
কুমিল্লায় মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) এলাকার কালী গাছতলা শিব মন্দির ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

মন্দিরে বিস্ফোরণে পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। এছাড়া পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে আরো তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা শিব মন্দিরের পাশের বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন আহত হন। তাদের মধ্যে ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজত আলীর ছেলে আ. বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement

কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!