রোববার বিকেল পৌনে ৩টার দিকে র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার লালবাগ থানার পলাশীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন মাদবর শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পালং এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী এবং শরীয়তপুর জেলা আন্তঃপরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক।
.png)
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারীপুর র্যাব-৮ ও ঢাকা লালবাগ র্যাব-১০ এর একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে শরীয়তপুরের এই চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি শাহীন মাদবরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে শরীয়তপুরের ডামুড্যা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব ও মামলা সূত্রে জানা গেছে, গত রোববার ভোরে ডামুড্যা উপজেলার ইকরি এলাকায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইককে পিটিয়ে পা ভেঙে দেয় ঘের ব্যবসায়ী শাহীন মাদবর ও তার সহযোগীরা। মারধরের পর গুরুতর আহত অবস্থায় সেলিমকে মাটিতে ফেলে রাখা হয়। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় গত বুধবার সকালে শাহীন মাদবর ও জিসান ফকিরের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ডামুড্যা থানায় একটি মামলা করেন আহত সেলিমের বড় বোন মাকছুদা বেগম।