দুদক বাগেরহাটের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কম্বাইন হারভেস্টার মেশিনগুলোর সন্ধান জানতে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে পৌঁছায়। দুদকের দলটি তাদের প্রাথমিক তদন্তে ১৪টি মেশিনের মধ্যে ১১টি অনিয়মের আশ্রয়ে নিখোঁজ থাকার প্রমাণ পেয়েছে।
যার প্রতিটির বর্তমান মূল্য প্রায় ৩২ লাখ টাকা করে। মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। দরিদ্র কৃষকদের সুবিধার্থে সরকার এ টাকার শতকরা ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি অফিসের মাধ্যমে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে বিতরণ করা হয় পাঁচটি মেশিন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগও পেয়েছেন একটি।
.png)
দুদক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ২০২২-২০২৪ সাল পর্যন্ত মোরেলগঞ্জে বিতরণ করা ১৪টি মেশিনের মধ্যে তিনটি মেশিনের সন্ধান মিলেছে। অপর ১১টি মেশিন কোথায় আছে সে বিষয়ে কৃষি অফিস সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। মেশিনগুলো বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এর সঙ্গে কারা জড়িত, মেশিনগুলো কোথায় আছে, তা বের করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে তৎকালীন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, যাচাই-বাছাই করে কৃষকদের হাতেই মেশিন দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গত ৩ বছরে এ উপজেলায় ১৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছয়টি মেশিন এখন এলাকায় আছে। অপর আটটির ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।