বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করে। তাদের আটক করতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হয়। মুহূর্তেই আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে রাখেন। পরে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরাও যোগ দেন। তবে, ভেতরে কতজন আছেন সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
.png)
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেতরে ডাকাত দলের ১২ সদস্য রয়েছে। সংখ্যাটি আসলেই সঠিক কি না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে। বিষয়গুলো এখনও স্প্যাসিফিক করে বলা যাচ্ছে না।
খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ। তিনি বলেন, দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।