ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শহিদ আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১৮ নভেম্বর ২০২৪
শহিদ আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, শহিদ বীর আব্দুল্লাহর বাড়িতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।  

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপদেষ্টা হাসান আরিফ তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন ও শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরবর্তীতে উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজ ,ছাত্র নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।  

Advertisement

এ সময় উপদেষ্টা হাসান আরিফ বলেন, শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয় ১৬ বছরে বিগত সরকারের আমলে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সবগুলোর বিচার হবে। এটা একটি চলমান প্রক্রিয়া। গত আট তারিখ থেকে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম চলছে।  

মতবিনিময় সভায় উপদেষ্টা যশোরে পর্যটন কেন্দ্র স্থাপন এবং যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করণের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। তিনি ভূমি অফিসের দুর্নীতি রোধে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে তিন বছরের অধিক না রাখা এবং  অনলাইন সিস্টেম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া  প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি-সম্পদ দখল মুক্ত করা হবে বলে অভিমত ব্যক্ত করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন। এছাড়া  রাষ্ট্র সংস্কারে যে কমিশনগুলো গঠন করা হয়েছে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত পরবর্তীতে রাজনৈতিক সরকার অনুসরণ-বাস্তবায়ন করবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় যশোর জেলা প্রশাসকসহ জেলা-উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে গমন করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!