ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১৬ নভেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯
সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০) আহত হয়েছেন। একইসঙ্গে তার হায়েস গাড়ির চালকসহ আরো ৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চিত্রনায়ক রুবেলসহ তার সফর সঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরাণীগঞ্জের জিনজারা আমিরাবাদের সাইফুল ইসলাম (৪২) মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি হায়েসযোগে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার প্রবীণ নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এ সময় চিত্রনায়ক রুবেলসহ সবার জীবন রক্ষার্থে গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের বেশকিছু অংশ ভেঙে যায়। এতে গাড়িতে থাকা চিত্রনায়ক রুবেল ও তার সফর সঙ্গী ৮ শিক্ষার্থীসহ চালক আহত হন। পরে মাদারীপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যান।

Advertisement

চিত্রনায়ক রুবেলের শিক্ষার্থী আহত সাইফুল ইসলাম বলেন, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে খুব গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাঁচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!