ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১৬ নভেম্বর ২০২৪
গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৪
পুরাতন টিনশেড ঘর ভাঙার সময় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজির হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার উমেদপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২২), একই গ্রামের আজিজ মিয়ার ছেলে মাসারুল ইসলাম (২৩), বদরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে হেলাল (২৪) ও মৃত আব্দুল খালেকের ছেলে জামাল উদ্দিন (৪০)।

Advertisement

ঘটনার প্রত্যক্ষদর্শী পাভেল হাসান বলেন, হতাহতরা সবাই বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষী এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের কয়লার গদিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কয়লার গদির একটি পুরাতন টিনশেড ঘর ভাঙার সময় পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তারা। আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত বাকি চারজনের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আহত শ্রমিক নাজমুল হোসেন বলেন, এই তারে কারেন্ট থাকতে পারে তা আমরা চিন্তাও করিনি। ঘরের চালা নিচে নামানোর সময় তা তারের সঙ্গে লেগে যায়। সেখান থেকে আমরা পাঁচজন কারেন্টের শক খাই।

বিষয়টি সম্পর্কে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০৩- এর গজারিয়া জোনাল অফিসার ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি আমি শুনলাম। তারা কোন তারের সঙ্গে কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা সরেজমিনে দেখতে হবে।

গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিহতের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!