ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যৌথবাহিনীর অভিযানে ভুয়া ক্যাপ্টেন আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৫ নভেম্বর ২০২৪
যৌথবাহিনীর অভিযানে ভুয়া ক্যাপ্টেন আটক
আটককৃত ভুয়া ক্যাপ্টেন জাহিদ হাসান ওরফে শাকিল আহমেদ খান -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক ভুয়া ক্যাপ্টেনকে আটক করেছে যৌথবাহিনী। ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণা করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আটককৃত ভুয়া ক্যাপ্টেন জাহিদ হাসানের প্রকৃত নাম শাকিল আহমেদ খান (২৪)। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের সারোয়ার আহমেদের ছেলে বলে জানা গেছে।

গজারিয়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, শাকিল ক্যাপ্টেন পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। তার প্রকৃত নাম শাকিল আহমেদ হলেও সে ক্যাপ্টেন জাহিদ পরিচয় দিয়ে বিভিন্ন থানায় ফোন করে আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করত। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আজ আমরা অভিযান পরিচালনা করে গজারিয়া থানা এলাকা থেকে তাকে আটক করি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন থানায় আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করার বিষয়টি স্বীকার করেছে।

ভুয়া ক্যাপ্টেন জাহিদ হাসান ওরফে শাকিল আহমেদ বলেন, আমার বাসা গজারিয়াতে হলেও আমি দীর্ঘদিন ধরে ঢাকাতে থাকি। ফোনে সুন্দর করে কথা বলতে পারায় একসময় রিয়েল এস্টেট ব্যবসার নামে আমি প্রতারণা করতাম। সম্প্রতি আমি ক্যাপ্টেন পরিচয় দিয়ে ঢাকার মতিঝিল, রংপুর সদরসহ পাঁচটি থানায় ফোন দিয়ে আসামি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি।

বিষয়টি সম্পর্কে থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে গজারিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!