ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২৯ অক্টোবর ২০২৪
চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে চিকিৎসকের অবহেলায় রজব আলী নামে একজনের মৃত্যুর অভিযোগে এক চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা।

মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে ভোগান্তিতে পড়েছেন ভর্তিরত রোগীরা। এছাড়াও আগত রোগীরা চিকিৎসা না পেয়ে অন্যত্র ফিরে যাচ্ছেন।

জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রিকশাচালক পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, মৃত রজব আলীর স্বজন ও স্থানীয় এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠেন। এ সময় তারা হাসপাতালে আরএমও ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন।

Advertisement

মৃত রজব আলীর ছেলে নুর আলম বলেন, আমার বাবার অবস্থা খারাপের দিকে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসমা লাবনীকে ডাকা হলে তিনি আসেননি। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে আরএমও ডা. আসমা লাবনী বলেন, রোগীর অবস্থা আগে থেকে খারাপ থাকায় তাকে রেফার্ড করার কথা বলা হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা আর্থিক সংকটের কথা বলে হাসপাতালে ভর্তি করেন। এখানে রোগীর চিকিৎসায় কোনো অবহেলা হয়নি।

এদিকে, হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অর্নিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেন কর্মরত সব চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স এবং কর্মচারীরা। হামলায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, একজন নারী চিকিৎসককে মারধরের ঘটনায় আমরা বসে থাকতে পারি না। আমাদের দাবি মানা না হলে কর্মবিরতি চলতেই থাকবে। আমরা এ ঘটনায় মামলা দায়ের করবো।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গতকাল (সোমবার) হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!