ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাহাজে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
জাহাজে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিপিসির সচিব এটিএম সেলিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরিফ হাসনাতকে আহ্বায়ক ও উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং ও শিপিং) মোহাম্মদ মোস্তাফিজার রহমানকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে। কমিটিকে আজ সোমবারের মধ্যে অগ্নিদুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিপিসির চেয়ারম্যানকে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, বিপিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মোহাম্মদ জাহিদ হোসাইন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন), পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) আসিফ মালিক ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন)।

Advertisement

এদিন সকাল ১১টার দিকে কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে তেলবাহী জাহাজটিতে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের একাধিক টিম। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, শ্রমিক মোহাম্মদ হারুন ও বিএসসির ফোরম্যান নুরুল ইসলাম। এছাড়াও আহত হয়েছেন আরো কয়েকজন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!