ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে জমি দখলকে কেন্দ্র করে মন্দিরে হামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ৩০ আগস্ট ২০২৪
কালিয়াকৈরে জমি দখলকে কেন্দ্র করে মন্দিরে হামলা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে জমি দখল নিয়ে সংঘর্ষের জেরে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত রংগারটেক শ্মশানঘাট মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা মন্দিরের ভেতরের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। যার মধ্যে বিশেষভাবে নাগ মন্দিরটির খুঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা দুইজনকে আটক করেন এবং পুলিশে সোপর্দ করেন।

Advertisement

এ হামলার প্রতিবাদে, হিন্দু সম্প্রদায়ের লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং থানা পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যুবায়ের হোসেন জানান, মন্দির ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, গত ২০২২ সালে দুর্গাপূজার সময়ও উক্ত মন্দিরে হামলা করে চারটি প্রতীমার অঙ্গহানি করা হয়েছিল বলে জানা যায়। তৎসময়ে হামলার ঘটনার সঙ্গে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাই জড়িত ছিল মর্মে জনশ্রুতি ছিল বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!