ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কিউআর কোড বদলে দিয়ে মন্দিরের টাকা চুরি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ১১ আগস্ট ২০২৪
কিউআর কোড বদলে দিয়ে মন্দিরের টাকা চুরি!
ছবি: সংগৃহীত

আধুনিক প্রযুক্তি যেমন ভালো কাজে ব্যবহার করা হচ্ছে, তেমন অপরাধের হাতিয়ার বানাচ্ছেন অনেকে। যেমন বলা চলে চীনের এক চোরের কথাই। বৌদ্ধমন্দিরে দানের উদ্দেশে রাখা কিউআর কোড বদলে দিয়ে নিজের কিউআর কোড বসিয়েছেন তিনি। আর এভাবেই পকেটে ভরেছেন লাখ লাখ টাকা।

ওই চোর কিন্তু রীতিমতো শিক্ষিত। চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেছেন। সম্প্রতি চুরির বিষয়টি সামনে আসার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি হেফাজতে স্বীকার করেছেন, চলতি বছরে চীনের শানসি, সিচুয়ান ও চংকিং প্রদেশের বিভিন্ন মন্দির থেকে ৪ হাজার ২০০ ডলারের (প্রায় ৫ লাখ টাকা) বেশি হাতিয়েছেন তিনি।

ঘটনাটি সামনে আসে চলতি মাসে শানসি প্রদেশের পুলিশ একটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর। তাতে দেখা যায়, প্রদেশের বাওজি শহরের ফামেন মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছেন ওই ব্যক্তি। তার পাশেই দানবাক্স। সেখানে আরও অনেকেই ছিলেন। তবে সবার অগোচরে দানবাক্সে থাকা মন্দিরের কিউআর কোডের ওপর নিজের কিউআর কোড বসিয়ে দেন তিনি।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই ব্যক্তি বলেছেন, বিভিন্ন প্রদেশে একই কৌশলে মন্দিরের টাকা চুরি করেছেন তিনি। কিউআর কোড বদলে দেওয়ার ফলে কেউ মুঠোফোনের মাধ্যমে কোড স্ক্যান করে নিজের আর্থিক হিসাব থেকে মন্দিরে দান করতে চাইলে তা জমা হতো ওই চোরের ব্যক্তিগত সঞ্চয়ী হিসাবে। পুলিশ বলছে, চুরির সব অর্থ ফেরত দিয়েছেন গ্রেফতার ওই ব্যক্তি।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!