নিহত জাহিদুর রহমান খন্দকার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর এলাকার বাসিন্দা। তিনি বিস্ফোরণ হওয়া ওই প্রাইভেটকারের মালিক ছিলেন। তিনি নিজেই নিজের গাড়ি চালাতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় বিসিক-২ এর সামনে ওই পাম্পে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারের কাছে দাঁড়িয়ে থাকা জাহিদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আগুন ছড়িয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই প্রাইভেটকারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়।
.png)
রাবির ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, পাম্পে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। তবে তার আগেই বিস্ফোরণে ওই প্রাইভেটকারটির মালিকের মৃত্যু হয়। তার মরদেহ চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দ্রিমা থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, প্রাইভেটকারটিতে গ্যাস নেয়ার পর হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানায় পাঠায় ফায়ার সার্ভিস। পরে থানায় অপমৃত্যুর মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।