ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুবি বাসের ধাক্কায় নারীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২১ আগস্ট ২০২৪
কুবি বাসের ধাক্কায় নারীর মৃত্যু
ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নীল বাস কৃষ্ণচূড়ার ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ফজিলাতুন্নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বলরামপুরের মৃত জামাল মিয়ার স্ত্রী।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, অটোরিকশা চাঙ্গীনি থেকে আসছিল। তাতে চারজন মহিলা ছিলেন। অটোরিকশা আর বাস দুটোই বিপরীতমুখী ছিল। বাস শহর থেকে আসছিল। অটোর ড্রাইভার বাস দেখে টার্ন করতেই মহিলা অটো থেকে ছিটকে পড়ে বাসের সঙ্গে ধাক্কা খান। এখানে বাসের কোনো দোষ নেই। দুটো মোড় ও কাউন্সিলরের বাগান থাকার কারণে ড্রাইভার সামনে দেখতে পাননি। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, সকালে কৃষ্ণচূড়া (১১০০২৫) শিক্ষার্থীদের নিয়ে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়। নন্দনপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ নেয়ার চেষ্টা করছি। ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। নিহত পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তাদের পাশে থাকবে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম বলেন, নিহত পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কোনো মামলা করবেন না। তারা সমঝোতা করতে চাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!