ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

র‌্যাব পরিচয়ে জিম্মি: ‘ঈদ বোনাসের’ ১৯ লাখ টাকা লুট

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ৮ জুন ২০২৪
র‌্যাব পরিচয়ে জিম্মি: ‘ঈদ বোনাসের’ ১৯ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে এক কেমিক্যাল কারখানার তিন কর্মকর্তাকে তুলে নিয়ে ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। পরে ঘণ্টাখানেক পর অপহৃতদের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় নামিয়ে দেওয়া হয়। তবে তাদের টাকার ব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা। টাকাগুলো কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার জন্য ব্যাংক থেকে তোলা হয়েছিল।

শুক্রবার (৭ জুন) এ ঘটনায় কারখানার পক্ষ থেকে শ্রীপুর থানায় মামলা করা হয়। এর আগে, বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

কারখানা সূত্র জানায়, শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে ১৯ লাখ ৪৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলেছিল কারখানা কর্তৃপক্ষ। টাকা নিয়ে প্রাইভেটকারে কারখানার গেটের সামনে যান তিন কর্মকর্তা। এ সময় একটি নোহা গাড়ি কারখানা গেটের সামনে প্রাইভেটকারের গতিরোধ করে। র‌্যাবের জ্যাকেট পরিহিত কয়েকজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে তিন কর্মকর্তাকে নামিয়ে তাদের নোহা গাড়িতে তুলে নেয়। তারা ঐ কর্মকর্তাদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সন্ধ্যা ৬টার দিকে নামিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার জন্য তাদের কাছে থাকা ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুটে নেয়। 

Advertisement

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ মেজর জন্নুরাইন বিন আলম বলেন, ঘটনাটি শুনেছি। কারখানা থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!