ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়ার খবরে ছুটছেন মানুষ, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৪, ২৬ মে ২০২৪
মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়ার খবরে ছুটছেন মানুষ, ১৪৪ ধারা জারি
ছবি: ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই স্বর্ণ।

মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ এ আশায় ঠাকুরগাঁওয়ে ছুটছেন মানুষ। বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ কেউ কোদাল, কেউ বসিলা, কেউ খুন্তি নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খনন করছেন। ওই ইটভাটার মাটির স্তূপে ভাগ্যবদলের আশায় দিন-রাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও রাণীশংকৈল কাতিহার আরবিবি ইটভাটা ও আশপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ মে) রাত ১০টার পর থেকে এ আদেশ জারি করেন প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

জানা গেছে, জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজার এলাকার বাচোর ইউনিয়নের আরবিবি নামে একটি ইটভাটায় ইট প্রস্তুতের জন্য মাটিগুলো সংগ্রহিত করা হয় দীর্ঘদিন ধরে। গেল এপ্রিলে হঠাৎ স্থানীয় এক ব্যক্তির ফেসবুকে এমন খবর ছড়িয়ে দেয়। তারপর থেকেই মাটি খুঁড়তে স্থানীয়রাসহ উৎসুক জনতা ভিড় করেন। মাঝে কয়েকদিন খোঁড়াখুঁড়ি বন্ধ হলেও আবারো গেল বুধবার (২২ মে) থেকে স্বর্ণের খোঁজে ছোটেন মানুষ। ইট তৈরি জন্য দূর-দূরান্ত থেকে নিয়ে আসা পাকা সড়কের পাশে স্তূপ করে রাখা মাটি খুঁড়তে থাকেন স্বর্ণের লোভে।

Advertisement

তাই কেউ কোদাল হাতে, কেউবা বসিলা, আবার কেউ খন্তি হাতে নিয়ে সোনা পাওয়ার আশায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মাটি খোঁড়েন। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, মাস খানিক ধরে মানুষ সেখানে উপস্থিত হয়ে মাটি খুঁড়ছেন। যেহেতু সেখানে মাটি খোঁড়ায় কোদাল, খন্তিসহ সরঞ্জামাদি নিয়ে দলবদ্ধ হচ্ছেন। সে কারণে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইটভাটার আশপাশ এলাকা ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!