ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
হাটহাজারী উপজেলা নির্বাচন

ভোটকেন্দ্রে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২১ মে ২০২৪
ভোটকেন্দ্রে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

মঙ্গলবার দুপুর থেকে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন- ঘোড়া প্রতীকের সমর্থক মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ করিম। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

জানা গেছে, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সোহরাব হোসেন নোমানের স্লিপ ক্যাম্প, চেয়ার, মোটরসাইকেল ভাঙচুর ও জোবরা রেললাইনে অগ্নিসংযোগ ঘটানো হয়। এ সময় মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে ঘোড়া প্রতীকের দুই সমর্থক গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে র্যা ব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!