শনিবার রাতে মহাজনপুর গ্রামের গোলাম মোস্তফার জমিতে এ তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। পেঁপে, কলা এবং বাঁধাকপি কেটে নেয়ায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক গোলাম মোস্তফা জানান।
জানা গেছে, গোলাম মোস্তফা মহাজনপুর গ্রামের নীল জাবাদের মাঠে ২ বিঘা জমিতে পেঁপে, ৪ বিঘা জমিতে কলা এবং আড়াই বিঘা জমিতে গ্রীষ্মকালীন বাঁধাকপি লাগান। রাতের আঁধারে শত্রুতা করে ২ বিঘা জমির লাগানো ৮শ পেঁপে গাছ, ৪ বিঘা জমিতে লাগানো প্রায় ১৬শ কলা গাছের অপরিপক্ক কলা এবং আড়াই বিঘা জমির অধিকাংশ বাঁধাকপি কেটে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে গোলাম মোস্তফা মাঠে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে গ্রামের মানুষ এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান।
.png)
সরেজমিন গিয়ে দেখা গেছে, কলার জমিতে অসংখ্য অপরিপক্ক কলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সারি সারি লাগানো পেঁপে গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে।
গোলাম মোস্তফা জানান, দুই বিঘা জমিতে লাগানো প্রায় ৮শ পেঁপে গাছ, ৪ বিঘা জমিতে লাগানো ১৬শ কলাগাছের কলা কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কলার ছড়ি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা ধরে বিক্রি করার কথা। পাশাপাশি পেঁপে বর্তমানে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, প্রায় দশ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে গোলাম মোস্তফা জানান।