ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৪ আরসা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:২৮, ১৯ মে ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৪ আরসা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসীরা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শনিবার (১৮ মে)  রাতে উখিয়ার ক্যাম্প-২০ এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসীরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৭ এইস ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন, একই ক্যাম্পের মৃত ফজল করিমের ছেলে জিয়াউর রহমান, মৃত আব্দুস সালামের ছেলে সৈয়দুল আমিন ও বাদশা মিয়ার ছেলে মো. হারুন।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি বলেন, গোপন খবরে জানা যায় রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার করার উদ্দেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ-হ্যান্ডগ্রেনেডসহ অবস্থান করছে আরসার শীর্ষ চার সন্ত্রাসী। এমন খবরে এপিবিএন পুলিশের একটি টিম শনিবার রাতে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর এস১/বি৭ ব্লকের কাঁটাতারের বাইরের গোয়াম বাগান পাহাড়ে অভিযান চালিয়ে আরসার চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান (এলজি), চারটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান (এলজি), একটি দেশীয় তৈরি এমএমজি সাদৃশ্য ওয়ান শুটার গান, দুটি লম্বা কিরিচ, চারটি হ্যান্ডগ্রেনেড, ছয় রাউন্ড রাইফেলের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড কার্তুজ, ১১টি গুলির খোশা ও দুটি কার্তুজের খোশা, হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল ও দুটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!