দণ্ডপ্রাপ্ত ফজলুল শেখের বাড়ি ফরিদপুরে। তিনি নগরের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কেয়ারটেকার ছিলেন।
ট্রাইব্যুনালের পিপি খোন্দকার আরিফুল আমিন বলেন, শিশু ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ফজলুল শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ফজলুল শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
.png)
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা পেশায় গাড়িচালক আর মা পোশাক শ্রমিক। ২০১৬ সালের ১৮ আগস্ট সকালে বাবা-মা দুজনই কর্মস্থলে থাকা অবস্থায় বাসার পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচে খেলছিল ঐ শিশু ও তার ছোটবোন। সেখানে গিয়ে প্রথমে ১০ টাকা দিয়ে ছোটবোনকে চিপস কিনতে পাঠিয়ে কৌশলে সরিয়ে দেন ভবনের কেয়ারটেকার ফজলুল শেখ। এরপর বড় বোনকে বিস্কুটের লোভ দেখিয়ে ভবনের ভেতরে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মামলার অভিযোগে ধর্ষণের চেষ্টার কথা বলা হলেও মেডিকেল রিপোর্টে ধর্ষণের বিষয় উঠে আসে। ফজলুল শেখের বিরুদ্ধে করা এ মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ হয়।