গ্রেফতারকৃতরা হলেন জাহাজের কোয়ার্টার মাস্টার ফেরদৌস রহমান, সুকানি ইয়ামিন মোল্লা ও গীজার শাহাদাত হোসেন।
নৌ পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, কালুরঘাটে সেতুতে ধাক্কা লাগার পরপরই জাহাজটি জব্দ করা হয়। পরে এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হলে বৃহস্পতিবার জাহাজের তিন নাবিককে গ্রেফতার করা হয়।
.png)
রেলওয়ে থানায় মামলা হলেও নৌ পুলিশ গ্রেফতারের কারণ জানিয়ে ওসি বলেন, সেতুটি রেলসেতু হওয়ায় মামলাটি রেলওয়ে থানায় হয়েছে। তবে সেতুর পাটাতনের নিচের অংশ যেহেতু নদীতে এবং ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে, তদন্ত নৌ পুলিশ করবে।
এর আগে, মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল এমভি সামুদা-১ নামের লাইটার জাহাজটি। নদীর মধ্যে বাঁক ঘোরানোর সময় তীব্র বাতাস আর জোয়ারের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাতাসের তোড়ে ভাসতে ভাসতে কালুরঘাট সেতুতে ধাক্কা দেয়।
ঘটনার পরপরই জাহাজটি জব্দ করে পুলিশ। পরে বুধবার এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লিমন মজুমদার। এতে বেপরোয়া জাহাজ চালিয়ে সেতুর ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।