ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ১৪ মৃত্যু, পাশাপাশি কবরে শায়িত স্বামী-স্ত্রী ও ২ সন্তান

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১৮ এপ্রিল ২০২৪
ঝালকাঠিতে ১৪ মৃত্যু, পাশাপাশি কবরে শায়িত স্বামী-স্ত্রী ও ২ সন্তান
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় নিহত প্রাইভেটকার ও অটোরিকশার ১৪ যাত্রীর মধ্যে চারজন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার একইসঙ্গে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

এদিন সকাল ১০টায় ঝালকাঠি রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর দাখিল মাদরাসা চত্বরে জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। সাউথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল খালেক মাওলানা জানাজায় ইমামতি করেন। পরে বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে চারজনের দাফন সম্পন্ন করা হয়। এর আগে, বুধবার রাতে তাদের মরদেহ নিজ বাড়িতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন- রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর এলাকার মৃত মিজানুর রহমানের বড় ছেলে প্রিন্স হাসিবুর রহমান (৩২), তার স্ত্রী নাহিদা আক্তার (২৭), তাদের সন্তান তাকিয়া (সাড়ে চার বছর), ও তাহমিদ (১)।

Advertisement

সাউথপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য তাওহীদুল ইসলাম বলেন, নিহতের ছোট ভাই তানভীর দুবাই থাকেন। তিনি আজ সকালে ঢাকায় এসে পৌঁছান। সেজন্য সকালে জানাজা শেষে দাফন করা হয়নি। বাড়িতে আসার পর বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া যারা পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের প্রত্যেককে তিন লাখ টাকা এবং আহতদের জন্য এক লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোল প্লাজায় টোলের টাকা পরিশোধ করছিল একটি প্রাইভেটকার। ঠিক সেই সময়ে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ইজিবাইক ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারসহ অন্য তিনটি ইজিবাইক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তেই নারী-শিশুসহ ১৪ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!