রোববার এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন আলম কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব লম্বরীপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
.png)
র্যাব জানায়, ভুক্তভোগী উখিয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন একই এলাকার বখাটে শাহীন আলম। ভুক্তভোগী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান শাহীন। শাহীনের স্বভাব-চরিত্র ভাল না হওয়ায় এবং ভুক্তভোগী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সেই প্রস্তাব প্রত্যাখান করে ভুক্তভোগীর পরিবার।
এতে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে অপহরণের হুমকি দেন শাহীন। এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তিন থেকে চার সহযোগীকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেন শাহীন। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা ভুক্তভোগীর পরিবারকে জানান। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ভুক্তভোগীর সন্ধান পায়নি পরিবার। পরে এ ঘটনায় উখিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর ভাই।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, মামলার পর ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতারের লক্ষ্যে নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে র্যাব। একপর্যায়ে মামলার প্রধান আসামি শাহীন আলম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় অবস্থান করছে বলে তথ্য আসে র্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অভিযোগের কথা স্বীকার করেন শাহীন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।