ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অবন্তিকা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ১৬ মার্চ ২০২৪
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অবন্তিকা
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অবন্তিকা -ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। শনিবার বেলা ৩টায় কুমিল্লা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবন্তিকার নিজ জেলা কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে অবন্তিকার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বেলা ১২টায় কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।

Advertisement

দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৫০ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষকের সমন্বয়ে সহপাঠীরা অবন্তিকার বাড়িতে মরদেহ দেখতে কুমিল্লা আসেন। এ সময় তারা দোষীদের গ্রেফতারের দাবি করেন।

এদিকে বেলা ৩টায় কুমিল্লা সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা ও বিকেল সাড়ে ৪টায় শাসনগাছা এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে অবন্তিকাকে দাফন করা হয়। এ সময় মেয়ে হত্যার বিচার দাবি করেন মা।

উল্লেখ্য, শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের বাগিচাগাও এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!