ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেভাবে এক রাতেই সিঁধেল চোর হয়ে গেলেন গাড়ির মালিক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৪ মার্চ ২০২৪
যেভাবে এক রাতেই সিঁধেল চোর হয়ে গেলেন গাড়ির মালিক
গ্রেফতারকৃত নুরুল হক বাবু। ছবি: ডেইলি বাংলাদেশ

চুরি করা সোনা বিক্রি করে হয়েছিলেন গাড়ির মালিক। কিনেছিলেন একটি মাইক্রোবাস। তবে হয়নি শেষ রক্ষা। সেই চুরির মামলায় গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। উদ্ধার করা হয়েছে মাইক্রোবাসটিও।

নুরুল হক বাবু নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের এক নম্বর সড়কের একটি বাড়ির পঞ্চম তলার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে একদল চোর। এ সময় ২২ লাখ টাকা, ১৯ ভরি সোনা ও একটি দামি মোবাইল ফোন নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় মামলা করেন বাসার মালিক।

Advertisement

মামলার পর গত ফেব্রুয়ারি নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে নুরুল হক বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে চুরি করা সোনা বিক্রি করে একটি মাইক্রোবাস কেনেন বলে জানান বাবু। তার দেওয়া তথ্যে ২ মার্চ বহদ্দারহাটের বারইপাড়া এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, নুরুল হক বাবুকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদে চুরি করা টাকা ও চুরির সোনা বিক্রির টাকায় একটি মাইক্রোবাস কেনেন বলে জানান বাবু। তার দেওয়া তথ্যে সেই মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, নুরুল হক বাবু একজন সিঁধেল চোর। তার বিরুদ্ধে চান্দগাঁওসহ নগরের বিভিন্ন থানায় একাধিক সিঁধেল চুরির মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!