বদলগাছীতে ৭২ কেজি গাঁজাসহ একজন আটক
নওগাঁর বদলগাছী উপজেলায় ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে র্যাব। এ সময় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।
আটককৃত মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর থানার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে।
র্যাব জানায়, একটি প্রাইভেটকারে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান নওগাঁর দিকে আসছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলা সদরে চারমাথায় চেকপোস্ট স্থাপন করেন র্যাব-৫ এর সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মনির হোসেন নামে একজনকে আটক করা হয়। এছাড়া প্রাইভেটকার, দুইটি মোবাইল, তিনটি সিমকার্ড এবং চার হাজার টাকা উদ্ধার করে র্যাব। তবে এ সময় প্রাইভেটকার চালক আলমগীর (৪৪) কৌশলে পালিয়ে যান। তিনি লক্ষ্মীপুর জেলা সদরের নন্দনপুর থানার বাসিন্দা। আটককৃত মনিরকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।