উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরল পাঁচ কাছিম
কক্সবাজারের সমুদ্র উপকূলে ৫৬৬টি ডিম দিয়ে সাগরে ফিরে গিয়েছে পাঁচটি মা কাছিম।
সোমবার ভোরে সমুদ্রসৈকতের রেজুখালের মোহনায় বালুচরে ডিম দিয়ে সাগরে ফিরে যায় একটি মা কাছিম।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি) এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি জানান, ভোরে সোনারপাড়া সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে একটি অলিভ রিডলি মা কাছিম ১০১টি ডিম পেড়ে সুস্থ সবল অবস্থায় সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়েছে। এছাড়া শামলাপুর সৈকতে দুইটি কাছিম থেকে ২৪০টি, মাথাভাঙ্গা সৈকতে একটি কাছিম থেকে ১১৫টি, উত্তর শীলখালীতে একটি কাছিম থেকে ১১০টিসহ মোট পাঁচটি কাছিম থেকে ৫৬৬টি ডিম সংরক্ষণ করা হয়েছে।
মো. তরিকুল ইসলাম আরো জানান, এখন মা কচ্ছপের প্রজনন মৌসুম। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মা কচ্ছপ উপকূলে এসে ডিম দেয়। কোডেক-ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্টের অধীনে এসব ডিম সংগ্রহ, বাচ্চা ফুটানো এবং সাগরে ছেড়ে দেওয়ার কাজ হয়ে থাকে।
জানুয়ারি থেকে এ পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত ভেসে এসেছে ১০৩টি মৃত মা কচ্ছপ। এর মধ্যে ১১ দিনে পাওয়া গেছে ৫৯টি মৃত মা কচ্ছপ। তবে এর মধ্যে সাত শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে জানান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি জানান, মৃত প্রতিটি কচ্ছপই জালের সুতোয় পেঁচানো এবং আঘাতপ্রাপ্ত। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেঁচিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত হয়েছে।