শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাবুখালি ইউনিয়নের চর মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ময়েন উদ্দিন একই গ্রামের মৃত আয়েন উদ্দিন মোল্যার ছেলে।
প্রতিবেশী সাইফুল মোল্যা ও ইমাম হোসেন জানান, মশার কামড় থেকে রক্ষা করতে ময়েন মোল্যা নিয়মিত গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে রাখেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সেই কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে একটি গাভী ও চারটি ছাগলের মৃত্যু হয়। এ ঘটনার পর ময়েন মোল্যা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাত ১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন।
.png)
মৃত ময়েন উদ্দিনের ছেলে নিপুল মোল্যা জানান, অগ্নিকাণ্ডের ফলে তাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার বাবা এ ঘটনায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম বলেন, এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।