ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে মায়ের সঙ্গে অন্য নারীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে শাওন মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারী ও তার দুই মেয়েকে আটক করেছে পুলিশ।

নিহত শাওন হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। রোববার বেলা ১১টার দিকে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ।

Advertisement

নিহতের পরিবারের বরাতে তিনি জানান, হামিদপুর গ্রামের এক নারীর সঙ্গে প্রতিবেশী আমজাদ হোসেনের ‘বিয়েবহির্ভূত সম্পর্ক’ রয়েছে- এমন বিষয় নিয়ে সকালে শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রীর ঝগড়া শুরু হয়। আমজাদও সেখানে ছিলেন। খবর পেয়ে অটোচালক শাওন বাড়িতে ঝগড়া থামাতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে আমজাদ ছুরি দিয়ে শাওনের বুকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আমজাদ পালিয়ে গেছে জানিয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমজাদের স্ত্রী ফাতেমা বেগমসহ তার দুই মেয়েকে হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমজাদকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!