ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, এতিমখানায় গেল মাছ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৪
মনপুরায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, এতিমখানায় গেল মাছ
মনপুরায় জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, ঘের জাল ও একটি মাছ ধরা নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় এক মণ চিংড়ি মাছও জব্দ করা হয়।

জানা যায়, অভিযানকালে নিষিদ্ধ ৬টি বেহুন্দি জাল, তিনশত মিটার কারেন্ট জাল, ১টি চায়না দুয়ারি জাল ও ২৪শ’ মিটার ঘের জাল, ১টি ধরাজাল ও একটি মাছ ধরা নৌকা জব্দ করা হয়। পরে তীরে এনে হাজীর হাট স্লুইসঘাটে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা নৌকাটি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়া জব্দ করা চিংড়ি মাছগুলো স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মারুফ হোসেন মিনার, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেস ক্লাব সভাপতি এম. আলমগীর হোসেনসহ থানা পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মারুফ হোসেন মিনার বলেন, বিশেষ কম্বিং অপারেশনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ জাল ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!