ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল নারীর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুরে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল নারীর
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর-কুমিল্লা সড়কে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ও মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ওই সড়কের কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। 

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি জানান, নিহত ওই নারী ঘটনাস্থল এলাকার একটি বাড়ি থেকে খাবার খেয়ে বের হন। পরে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চেনার কোনো উপায় নেই বললেই চলে। তবে ট্রাকের পেছনে থাকা এক ভ্যান চালক ঘটনাটি দেখতে পান। 

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার এএসআই কফিল উদ্দিন ও অন্য পুলিশ সদস্যরা রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!