ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একই রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, বাড়িতে আগুন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২৬ জানুয়ারি ২০২৪
একই রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, বাড়িতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নিধন করা হয়।

অপরদিকে, রাত ১১টার দিকে জামাল সরদারের বাড়িতে পেট্রল দিয়ে বাড়ির দেওয়ালে ও খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির বিদ্যুতের লাইনের তার ও খড়ের পালা পুড়ে গেছে।

জামাল সরদারের মেয়ে জেমি জানান, বৃহস্পতিবার রাতে বাবা বাড়িতে ছিলেন না। রাতের খাবার খেয়ে আমরা পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। রাত ১১টার দিকে প্রতিবেশীরা ডাক দিয়ে জানান, বাড়ির দেওয়াল ও খড়ের পালায় আগুন জ্বলছে। এ সময় পরিবারের লোকজন বাইরে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে আমাদের লিজ নিয়ে চাষ করা পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। কে বা কাহারা রাতের অন্ধকারে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।

Advertisement

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!