ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৪ দিন পর বাগানে মিলল অটোচালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৬ জানুয়ারি ২০২৪
নিখোঁজের ৪ দিন পর বাগানে মিলল অটোচালকের মরদেহ
ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চারদিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদধসিংহ গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মামুনুর রশীদ ওরফে মামুন (১৮) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকীপুর গ্রামের দেওয়ান বাড়ির কবির হোসেনের ছেলে।

Advertisement

জানা যায়, মামুন পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালের দিকে এক নারী মাধবপুর গ্রামের টিপু সুলতানের ঘরের পেছনে সুপারি বাগানের মধ্যে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এ আঘাতে মৃত্যুর কারণ হতে পারে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঐ অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!