ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৭ জানুয়ারি ২০২৪
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার মামলায় ছাত্তার মিয়া নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ছাত্তার মিয়া (৫০) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার সানু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি ছাত্তার মিয়া আদালতে উপস্থিত ছিলেন। 

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৮ সালের ২৮ মে জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় ছুরিকাঘাতে খুন হন চার সন্তানের জননী জোসনা বেগম। এ ঘটনায় জোসনা বেগমের পিতা আবদুল মন্নাফ বাদী হয়ে নিহত জোসনার স্বামী ছাত্তারসহ ৪ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ মামলার আসামি ছাত্তারকে গ্রেফতার করে। পরে ছাত্তারকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারা জবানবন্দিতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেন। একই বছরের ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ৪ জন আসামির মধ্যে ৩ জনের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় প্রধান আসামি ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামি ছাত্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরমধ্যে তিনি যে হাজতবাস করেছেন তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কারাদণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!