রোববার সকাল সাড়ে ৯টায় লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ভোট দেন তৃতীয় লিঙ্গের ভোটার রাত্রী। প্রথমবার ভোট দিয়ে খুশিতে আত্মহারা তিনি। রাত্রীসহ এ বছর লালমোহন উপজেলায় তৃতীয় লিঙ্গের তিনজন নতুন ভোটার রয়েছেন।
রাত্রী জানান, কোনো বাধা-বিপত্তি ছাড়াই ভোট কেন্দ্রে এসেছি। আমি এবার প্রথমবারের মতো ভোট দিয়েছি। ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। আমি নির্বিঘ্নে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। এজন্য আমি অনেক আনন্দিত।
.png)
জানা যায়, সকাল ৮টা থেকে লালমোহন উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলায় মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৬৩৩ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ২৫ হাজার ২০ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৩২ হাজার ৬১০ জন।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি। এ জন্য মাঠে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।