ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিভোর্সে ক্ষোভ, জেল থেকে বেরিয়ে স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ২০ ডিসেম্বর ২০২৩
ডিভোর্সে ক্ষোভ, জেল থেকে বেরিয়ে স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ
ফাইল ছবি

জিয়া (২৫) নামে মাদক মামলার এক আসামির বিরুদ্ধে শিশুসহ সাবেক স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জিয়া পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

ভুক্তভোগীরা হলেন, দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা (২২) ও রিমার চাচাতো ভাই লালনের মেয়ে মোছা. মাইমুনা (৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমার সঙ্গে জিয়ার বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওয়ার পর ৩-৪ মাস আগে রিমা তাকে ডিভোর্স দেন। এতে ক্ষিপ্ত ছিলেন জিয়া। জামিনে বের হয়ে এসে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ পুড়ে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মাইমুনার চোখ ও মুখে অ্যাসিড লাগে।

Advertisement

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহীতে পাঠিয়ে দেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি বলেন, নারী রোগীর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ফোলা দেখা গেছে। শিশুর মুখ ফুলে এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো তরল পদার্থ তাদের নিক্ষেপ করা হয়েছে।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মাদক মামলার আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ পেলে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!