ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোর সন্দেহে শ্বশুরবাড়িতে জামাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২ ডিসেম্বর ২০২৩
চোর সন্দেহে শ্বশুরবাড়িতে জামাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
ছবিতে মো. খোকন মিয়া

শ্বশুরবাড়িতে জামাই খোকন মিয়াকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। 

শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যান। এ অভিযোগে নিহত খোকন মিয়ার বোন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন।

নিহত মো. খোকন মিয়া (৪৫) সুন্ধিরবন এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ বছর আগে মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকায় বিয়ে করেন খোকন মিয়া। তাদের পরিবারে তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে থাকায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে এসে খোকন মিয়া তার শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। এ সময় দরজায় নক করলে শ্বশুরবাড়ির লোকজন চোর বলে খোকন মিয়াকে আটক করে বেঁধে রেখে রাতভর হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতন চালান। সকালে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা খোকনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যান। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, খোকন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত খোকনের শ্যালককে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!