মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলার নাদুরিয়া, কসবা মাঝাইল ও বহুলাডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া বাজারের বিশ্বাস এন্টারপ্রাইজ, হৃদয় স্টোর, কসবামাজাইল বাজারের শিকদারমোড় বাজারের স্বপ্নিল স্টোর এবং সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারের মন্ডল এন্টারপ্রাইজ।
.png)
জানা যায়, পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে বিশ্বাস এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে স্বপ্নিল স্টোরকে পাঁচ হাজার টাকা, হৃদয় স্টোরকে তিন হাজার টাকা ও মন্ডল এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।