ভোগাই নদীতে পলো দিয়ে মাছ শিকার উৎসব
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে মাছ শিকারিদের ‘বাহৈত’ উৎসব হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে এই মাছ শিকার উৎসব হয়। এতে উপজেলার দুই শতাধিক মাছ শিকারি ভোগাই নদীতে নামে। সবাই শখের বশে মাছ শিকার করেন। এ যেন আনন্দেভরা কোনো মহোৎসব। স্থানীয় ভাষায় যাকে ‘বাহৈত’ বলা হয়ে থাকে।
মাছ শিকারিরা জানান, প্রতিবছর এ সময় উপজেলার আশপাশ এলাকার বিভিন্ন নদী ও খাল-বিলে তারা শখের বশে মাছ শিকারে নামেন। পাড়া-প্রতিবেশী সবাই মিলে খেয়া জাল, বিছানো জাল ও পলো নিয়ে হৈ-হুল্লোর করে মাছ শিকারে নামেন। রোববার মাছ শিকারে নামেন তারা ভোগাই নদীতে। নদীর দুই কিলোমিটার ভাটি এলাকা পর্যন্ত চলে মাছ শিকার।
মাছ শিকারিরা জানান, মাছ শিকার তাদের নেশা। এ নেশা থেকেই স্থানীয়দের সঙ্গে এসেছেন পলো দিয়ে মাছ শিকার করতে। দেড় ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার নদীপথে তাদের পলোতে অন্যরা মাছ শিকার করতে পারলেও তিনি একটি মাছও পাননি। এ নিয়ে কয়েকজন ছোট ও মাঝারি সাইজের দুই-একটা আইড় মাছ পেলেও আনন্দের কোনো কমতি ছিল না। সবার ভাগ্যে কাঙ্খিত মাছের দেখা না মিললেও আনন্দের বন্যা বয়ে যায়। যুগ যুগ ধরে স্থানীয়রা এ উৎসব পালন করে আসছেন।