ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৬ কেজি ওজনের কাকিলা মাছ!

কামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭:৩৫, ১৮ নভেম্বর ২০২৩
৬ কেজি ওজনের কাকিলা মাছ!
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর মাছ বাজারে সারি সারি বিক্রেতা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসে আছে। তবে কাকিলা (কাইক্কা) মাছের দিকে আকর্ষণ ক্রেতাদের। কারণ সচরাচর বড় সাইজের এই মাছ পাওয়া যায় না। শুক্রবার বিকেলে বাজারে উঠেছিল ৫-৬ কেজি ওজনের এই বিশাল আকারের কাকিলা মাছ। ৯০০ টাকা কেজি দরে মাছগুলো বিক্রি হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতি শুক্রবার সাপ্তাহিক হাটের দিনে বাজারটি সরগরম থাকে। দূর-দূরান্ত থেকে লোকজন আসে মাছ, তরিতরকারিসহ বিভিন্ন জিনিস কিনতে। বিভিন্ন মাছের সঙ্গে মাঝেমধ্যে বিলুপ্তপ্রায় ছোট কাকিলা মাছ পাওয়া গেলেও শুক্রবার বিকেলে বেশ কয়েকটি বিশাল আকৃতির কাকিলা মাছ পাওয়া যায়। এটি দেখে অবাক হন ক্রেতারা। ফলে মাছ বাজারে ক্রেতাদের ভিড় জমে যায়। দীর্ঘক্ষণ চলে দামাদামি।

মাছ কিনতে আসা সানোয়ার হোসেন নামের একজন বলেন, ‘এত বড় আকৃতির কাইক্কা মাছ এই প্রথম দেখলাম।’

বড় আকৃতির একটি কাকিলা মাছ কিনেছেন শিহাব উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘গিয়েছিলাম অন্য মাছ কিনতে। হঠাৎ করে বিলুপ্তপ্রায় এত বড় কাইক্কা মাছ দেখে অবাক হই৷ আমার ছেলে-মেয়েসহ পরিবারের কেউ এমন বিশাল আকৃতির কাইক্কা মাছ কখনোই দেখেনি৷ তাই অনেক দামাদামির পর ৬ কেজি ওজনের একটি মাছ ৯০০ টাকা কেজি দরে কিনেছি।’

মাছ ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, ‘কয়েকটি বড় আকৃতির কাকিলা মাছ চট্টগ্রাম থেকে নিয়ে এসেছি। প্রত্যেকটির ওজন ছিল ৫-৬ কেজি। এক এক করে সবগুলোই বিক্রি হয়েছে। এতে আমিও লাভবান হয়েছি, ক্রেতারাও খুশি।’

এ বিষয়ে ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার সাহা বলেন, একসময় নদী-নালা, হাওর-বাঁওড় ও খাল-বিলে পাওয়া যেত কাকিলা মাছ। কিন্তু নানা প্রতিবন্ধকতা এবং প্রজনন সমস্যায় হারিয়ে যেতে বসেছে পুষ্টিসমৃদ্ধ এই মাছটি। ফলে বিলুপ্তপ্রায় এই মাছটি সব জায়গায় সচারাচর পাওয়া যায় না। এটি মূলত শিকারি মাছ। বাংলাদেশে যে জাতটি পাওয়া যায় সেটি মিঠা পানির জাত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!