শনিবার সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ ও বারো আউলিয়া নামে দুইটি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে, শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে নৌযান চলাচল।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
.png)
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় সমুদ্রবন্দর থেকে সর্তক সংকেত প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে কেয়ারি সিন্দবাদ ও বারো আউলিয়া নামে দুইটি পর্যটক বাহী জাহাজ সেন্টমার্টিন উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে, ঘূর্ণিঝড় মিধিলির কারণে সেন্টমার্টিন ও টেকনাফে গত বৃহস্পতিবার থেকে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিআইডব্লিউটিএ টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সমুদ্রবন্দর থেকে সর্তক সংকেত প্রত্যাহার হলে শনিবার সকাল ১০টার দিকে দমদমিয়া জেটিঘাট থেকে ৬২ জন পর্যটক নিয়ে কেয়ারি সিন্দবাদ ও কোনো পর্যটক ছাড়া বারো আউলিয়া জাহাজ দুইটি সেন্টমার্টিন উদ্দেশ্য ছেড়ে যায়।দ্বীপে আটকা পড়া পর্যটক নিয়ে ফিরবে জাহাজ দুইটি।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আবহাওয়া বৈরী হলে সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ ছিল। সকালে খবর পেয়েছি টেকনাফ থেকে দুটি জাহাজ আসছে। ওই দুই জাহাজে ফিরে যাবেন আটকা পড়া পর্যটকরা।