ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তৃতীয় স্ত্রীর মাকে ফোন দিয়ে ফাঁস নিলেন লিটন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১২, ১৭ অক্টোবর ২০২৩
তৃতীয় স্ত্রীর মাকে ফোন দিয়ে ফাঁস নিলেন লিটন
ফাইল ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লার রেললাইন বটতলা থেকে তসলিম হোসেন লিটন (৪৫) নামের এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ফতুল্লার রেললাইন বটতলাস্থ রমিজ খাঁ’র পুত্র ইব্রাহিম খাঁ’র বাড়ির চতুর্থ তলা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তসলিম হোসেন লিটন লক্ষ্মীপুরের রায়পুরা থানার চর আবাবিলের মতি বারির পুত্র। তিনি তৃতীয় স্ত্রীকে নিয়ে রমিজ খাঁ’র পুত্র ইব্রাহিম খাঁ’র চতুর্থ তলায় ভাড়ায় বসবাস করতেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মো. বাপ্পি জানান, তসলিম স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তৃতীয় স্ত্রী ও এক কন্যাকে নিয়ে ইব্রাহিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি। মঙ্গলবার সকাল ৭টার দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয় তসলিমের। এতে স্ত্রী তার মেয়েকে নিয়ে নিজ বাবার বাড়ি ময়মনসিংহে চলে যান। বেলা ১১টার দিকে তসলিম ময়মনসিংহে থাকা তার শাশুড়িকে ফোন করে জানান, তার মেয়ে চলে গেছে, এই ক্ষোভে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন।

পরবর্তীতে তসলিমের শাশুড়ি বাড়ির মালিককে ফোন করে বিষয়টি অবগত করেন। বাড়ির মালিকসহ আশপাশের লোকজন চতুর্থ তলায় জানালার ফাঁক দিয়ে দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সাদা রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তসলিমের লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!